বরিশাল ব্যুরো
এপ্রিল ১৮, ২০২৬, ০১:৫৩ পিএম
ভোজ্যতেল ও জ্বালানি সংকট নিরসন, বাজার সিন্ডিকেট নির্মূল এবং দখলমুক্ত নগরীর দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘ক্যাব ইয়ুথ ফোরাম অফ বরিশাল’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে ভোজ্যতেল ও জ্বালানির কৃত্রিম সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তাঁরা।
একই সাথে বক্তারা বরিশাল নগরীর ফুটপাত ও জনগুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলমুক্ত করে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ার দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সুধীজনরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। বক্তারা বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেএইচআর