মেহেরপুর প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬, ০৪:০৬ পিএম
মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের কামড়ে রুহুল আমিন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অতিরিক্ত গরম থেকে স্বস্তি পেতে বাড়ির পাশের সড়কে হাঁটাহাঁটি করতে যান রুহুল আমিন। এ সময় একটি বিষাক্ত সাপ তাঁকে ছোবল দেয়। তিনি দ্রুত বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তাৎক্ষণিকভাবে স্বজনরা গ্রাম্য ওঝা ডাকলে, ওঝার দল ঝাড়ফুঁক দিয়ে রোগী সুস্থ হয়ে গেছে বলে আশ্বস্ত করে চলে যায়।
তবে রাত ২টার দিকে রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তাঁর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মটমুড়া গ্রামে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে, সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে চিকিৎসা নিতে হবে।
জেএইচআর