শরিফুল ইসলাম, রংপুর
এপ্রিল ১৯, ২০২৬, ০৫:১৩ পিএম
শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে বড় পরিসরে উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন। নগরীর ৩৩টি ওয়ার্ড এবং রংপুর জেলার ৮টি উপজেলায় সোমবার থেকে শুরু হচ্ছে ২০ দিনের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, যা চলবে ধারাবাহিকভাবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।
রোববার সকালে সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। তিনি জানান, নগরীর প্রতিটি ওয়ার্ডে মোট ২৮০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে।
প্রশাসক আরও জানান, এ বছরের কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় সময়মতো টিকা প্রদান শিশুর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
অন্যদিকে রংপুর সিভিল সার্জন হলরুমে প্রেস ব্রিফিং করে জানানো হয়, জেলার ২ লাখ ৫৬ হাজার ২৭১ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ২০ দিনব্যাপী এ কর্মসূচি চলমান থাকবে বলে নিশ্চিত করেন রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা।
এএন