এম এম রহমান, জেলা
মে ১, ২০২৬, ০৮:২৬ পিএম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভোলায় আন্তঃকলেজ বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগরণ প্রজন্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের অধিকার, সামাজিক মর্যাদা, ন্যায্য মজুরি এবং দেশের সার্বিক উন্নয়নে শ্রমিকদের অনবদ্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তৃতা প্রতিযোগিতায় বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস, আন্দোলনের গুরুত্ব এবং বর্তমান সমাজে শ্রমিকদের অবস্থান নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জনাব তানভীর হাসান, অবসরপ্রাপ্ত আল আমিন মামুন, প্রভাষক জহিরুল ইসলাম শামীম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবদুর রহমান হেলাল এবং সাংবাদিক আরিফুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগরণ প্রজন্ম ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মাহমুদ ফিরোজ। সংগঠনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, তরুণ প্রজন্মের মধ্যে শ্রম সচেতনতা বৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের প্রতি সম্মানবোধ তৈরি করতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।
জেএইচআর