মিরাজ আহমেদ, মাগুরা
মে ৩, ২০২৬, ০৭:১৭ পিএম
মাগুরায় সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান সংঘাত-সংঘর্ষের প্রেক্ষাপটে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভা থেকে কঠোর অবস্থানের ঘোষণা দেয়া হয়েছে।
সভা থেকে জানানো হয়, জেলায় কোনো ধরনের সহিংসতা আর সহ্য করা হবে না এবং অপরাধে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মো. মনোয়ার হোসেন খান, মাগুরা-১ আসনের এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। সভায় সভাপতিত্ব করেন- পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)। উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ানসহ জেলার চার থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সামাজিক সমপ্রীতি নষ্ট করে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রভাব, পরিচয় বা আধিপত্য এখানে কাজ করবে না। অপরাধ করলে আইনের মুখোমুখি হতেই হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মনোয়ার হোসেন খান বলেন, মাগুরাকে অস্থির করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। স্থানীয় পর্যায়ে বিরোধ থাকলে তা আইনের মাধ্যমে সমাধান করতে হবে। সংঘাতে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভায় আলোচনায় উঠে আসে, গ্রামাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের প্রবণতা বৃদ্ধি, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতায় রূপ নেয়া এবং গুজব ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা। এসব প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।
এর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত মীমাংসা জোরদার, গুজব ছড়ানো ও উসকানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা, মাদক ও অন্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনগণের সমন্বয় বাড়ানো।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সংঘাত-সংঘর্ষ নিয়ন্ত্রণে ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
জেএইচআর