কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ৭, ২০২৬, ০৬:৩৯ পিএম
রংপুরের কাউনিয়া উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। তবে এবার মাঠের চিত্র অনেকটাই ভিন্ন। কৃষকের হাতে কাস্তের বদলে এখন মাঠজুড়ে দেখা যাচ্ছে আধুনিক কৃষিযন্ত্র ‘কম্বাইন হারভেস্টার’-এর ব্যবহার। যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা ও মাড়াইয়ের ফলে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে উল্লেখযোগ্য হারে কমেছে উৎপাদন ব্যয়।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধানের সমারোহ। বৈরী আবহাওয়ার আশঙ্কা এবং শ্রমিক সংকট মোকাবিলায় কৃষকরা এখন অধিক হারে ঝুঁকছেন আধুনিক প্রযুক্তির দিকে। কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে অল্প সময়েই একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব হওয়ায় কৃষকদের ভোগান্তি অনেকাংশে কমেছে।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগে এক দোন (বিঘা) জমির ধান কাটতে শ্রমিক সংকটের পাশাপাশি অতিরিক্ত মজুরির কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে যেত। বর্তমানে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে প্রতি দোন জমির ধান কাটা ও মাড়াই করা যাচ্ছে মাত্র ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে।
বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের কৃষক আলম মিয়া বলেন, আগে বেশি টাকা দিয়েও সময়মতো শ্রমিক পাওয়া কঠিন ছিল। এখন মেশিনে খুব দ্রুত ধান কেটে বস্তাবন্দি করা যাচ্ছে। এতে বৃষ্টির ভয় যেমন কমেছে, তেমনি খরচও অনেক কম হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় কমছে এবং মূল্যবান সময় সাশ্রয় হচ্ছে। কম্বাইন হারভেস্টারের মাধ্যমে দ্রুত ধান ঘরে তোলা সম্ভব হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। আমরা মাঠপর্যায়ে কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে নিয়মিত উদ্বুদ্ধ করছি।
আধুনিক এই যন্ত্র ব্যবহারের ফলে শ্রমিক নির্ভরতা কমায় উপজেলার কৃষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর চাষাবাদের প্রতি আগ্রহ দিন দিন আরও বাড়ছে।
জেএইচআর