আমার সংবাদ ডেস্ক
মে ৯, ২০২৬, ০৫:৪১ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িকে সাধারণ যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে হামলা ও ডাকাতির চেষ্টা করার অভিযোগে রবিউল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক রবিউল ওই ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে চলন্ত গাড়িকে লক্ষ্য করে একটি চক্র প্রায়ই লোহার রড বা পাইপ ছুড়ে মারে। এতে চালকরা শব্দ শুনে গাড়ি থামালে হামলা ও ছিনতাইয়ের সুযোগ নেয় তারা। ওই রাতেও একই কৌশলে পুলিশের একটি মাইক্রোবাসকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়। তবে গাড়িটি থামিয়ে পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “মহাসড়কে চলা একটি গাড়িকে লক্ষ্য করে লোহার পাইপ নিক্ষেপ করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ডাকাতির মামলাও আছে। তাকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই এলাকায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে হামলা ও ডাকাতির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। সে ঘটনাতেও একই ধরনের কৌশল ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এএন