আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মে ১২, ২০২৬, ০৩:১৪ এএম
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বলেছেন, ফ্যাসিস্টের আমলে প্রকৌশলীরা সম্মান পেতেন না। তারা ছিলেন নিপীড়িত ও বৈষম্যের শিকার। যারা নৌকার গুণগান করেছে, তারাই শুধু ভালো পজিশনে থাকতে পেরেছে।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইইবি আশুগঞ্জ কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বেলুন ও শান্তির পায়রা উড়ানো, কেক কাটা এবং প্রীতি ফুটবল ম্যাচ। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন।
পরে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ট্রেনিং সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয় কারিগরি বিষয়ক সেমিনার।
বক্তব্যে এমপি আশরাফ উদ্দিন আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান একের পর এক নতুন কারিশমা দেখাচ্ছেন। তিনি লন্ডনে থেকে যে স্বপ্ন দেখেছিলেন, তা একে একে পূরণ করছেন।”
আইইবি আশুগঞ্জ কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবি’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ একরামুল্লাহ, জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশরাফ, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পরিচালক (কারিগরি) মোহাম্মদ আব্দুল মজিদ, নির্বাহী প্রকৌশলী হাসান ফেরদৌস এবং আইইবি আশুগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মমিন তালুকদার।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিন শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে পুরো আয়োজন মিলনমেলায় পরিণত হয়।
এএন