ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
মে ১২, ২০২৬, ০৪:৩৯ পিএম
জামালপুরের ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে গোপনে জ্বালানি তেল বিক্রি ও মজুত কারসাজির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানকে গ্রেপ্তারসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুওয়ান ইফতেকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরাধের গুরুত্ব বিবেচনায় ম্যানেজার মিজানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত ও বিক্রিতে দীর্ঘদিনের অভিযোগ ছিল। ট্যাগ অফিসার মোস্তফা মনোয়ার জানান, সরকারি হিসেবে দুইটি ডিওতে পেট্রোল, অকটেন ও ডিজেল মিলিয়ে মোট ২৬ হাজার লিটার থাকার কথা থাকলেও সরজমিনে পাওয়া যায় মাত্র ১৩ হাজার ২০০ লিটার। অবশিষ্ট তেল গোপনে সরিয়ে ফেলা হয়েছে বলে প্রমাণিত হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের লক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে থানায় এনে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর