বান্দরবান প্রতিনিধি
মে ২৪, ২০২৬, ০৩:৫২ পিএম
বান্দরবানের থানচিতে ৫ বছরের এক ত্রিপুরা সম্প্রদায়ের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বিজয় ত্রিপুরা (১৬) নামে এক কিশোরকে আটকের পর থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার সকালে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত বিজয়কে আটক করে থানায় সোপর্দ করে। ধর্ষণের শিকার ৫ বছরের কন্যা শিশুটিও ওই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে থানচি সদরের নতুন পাড়া এলাকার সবজি বিক্রেতা বিজয় ডেকে নিয়ে যায় প্রতিবেশী ওই শিশুকে। পরে রাতে ঘুমাতে যাওয়ার সময় শিশুটি ব্যথার কথা জানালে পুরো ঘটনাটি প্রকাশ পায়। শিশুটির মা-বাবা এ বিষয়ে বিজয়ের কাছে জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি।
আজ সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় সোপর্দ করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের কঠোর বিচারের দাবিতে সকাল থেকে দীর্ঘক্ষণ থানচি থানা ঘেরাও করে রাখে।
থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।
এএন