মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মে ৩১, ২০২৬, ০৬:২৮ পিএম
কুমিল্লার মুরাদনগরে ঈদুল আজহার পর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ফুটপাতে দোকান বসিয়ে যানজট সৃষ্টি এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। রোববারসহ গত চার দিনের ধারাবাহিক অভিযানে ২০টি মামলায় মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর নির্দেশনায় সদরের আল্লাহু চত্বর, কোম্পানীগঞ্জ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং ও ফুটপাতে দোকান বসিয়ে যানজট সৃষ্টির অভিযোগে বিভিন্ন যানবাহন ও দোকান মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাছান খান। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মুরাদনগরকে যানজটমুক্ত রাখা এবং যাত্রীদের ন্যায্য সেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন মুরাদনগর থানার এসআই রাজু বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স।
এএন