উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬, ০২:৩২ পিএম
বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মাহামুদা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের মূল লক্ষ্য মাদক কারবারি ও ওই নারীর স্বামী নজরুল বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে এই অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে নজরুল বেপারীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘর থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরাও জব্দ করা হয়। অভিযানের সময় নজরুল কৌশলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী মাহমুদাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের সময় ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা উপস্থিত ছিলেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রশংসনীয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, মাদকের বিরুদ্ধে এমন নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাবে।
জেএইচআর