আমার সংবাদ ডেস্ক
জুন ১১, ২০২৬, ০৩:৫১ পিএম
দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট আজ বৃহস্পতিবার থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতদিন সরকারি নির্দেশনা অনুযায়ী এসব ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ করার নিয়ম কার্যকর ছিল।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই নতুন সিদ্ধান্তের তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের জানিয়েছেন, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। মো. হেলাল উদ্দিন ব্যবসায়ীদের এই দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানান।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের ছুটি শেষ হওয়ার পর আগের সিদ্ধান্ত অনুযায়ী আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করা শুরু হয়।
নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা প্রতিদিন অতিরিক্ত দুই ঘণ্টা ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। এতে কিছুটা হলেও জমে উঠবে দেশের খুচরা বাজার।
এএন