জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
জুন ১৩, ২০২৬, ০১:২৮ পিএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সীফা রাণী (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত সীফা রাণী ওই এলাকার গোবিলাল ও সুমী রানীর একমাত্র সন্তান বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সীফা রাণী সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাতক যানটি আটক করার চেষ্টা করে। এ সময় চালক ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক যানটি ও চালককে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, ট্রাকটির চালক বাবলু হোসেন। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বলে পরিচয় দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সীফার বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে নিরাপত্তা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এএন