আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুন ২৮, ২০২৬, ০২:৫৫ পিএম
সারা দেশের মতো ময়মনসিংহেও ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। রোববার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে. দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ২৩৮টি কেন্দ্রে দিনব্যাপী এ কার্যক্রম চলবে। কোনো শিশু যেন বাদ না পড়ে, বিশেষ করে অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
তিনি অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এএন