আন্তর্জাতিক ডেস্ক
জুন ২৮, ২০২৬, ০২:২৮ পিএম
দীর্ঘ ১৮ মাস ধরে চলা সরকারবিরোধী ও ছাত্র আন্দোলনের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ।
রাজধানী বেলগ্রেডে আয়োজিত এক সরকারপন্থী সমাবেশে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন। একই সঙ্গে দেশে আগাম রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচনেরও ঘোষণা দেন।
আলেকজান্ডার ভুচিচ বলেন, আসন্ন নির্বাচনে তার নেতৃত্বাধীন ডানপন্থী সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি আগের তুলনায় আরও বড় ব্যবধানে জয় পাবে বলে তিনি আশাবাদী। তবে তিনি কবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন কিংবা নির্বাচনের নির্দিষ্ট তারিখ কবে হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার কথা ছিল ভুচিচের। কিন্তু প্রায় ১৪ বছরের ক্ষমতাকাল শেষে ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটের মধ্যে তিনি আগাম সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।
গত নভেম্বর নভি সাদ রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর থেকেই দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলন কয়েক মাস ধরে অব্যাহত রয়েছে এবং তা সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
চলমান আন্দোলনের বিষয়ে প্রেসিডেন্ট ভুচিচ একাধিকবার বিক্ষোভকারীদের ‘বিদেশি এজেন্ট’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে আন্দোলন দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে প্রেসিডেন্টের পদত্যাগ ঘোষণার পরও আন্দোলন থামছে না। রোববার মধ্যাঞ্চলীয় শহর ক্রালিয়েভোতে নতুন করে বড় সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আগাম নির্বাচনের দাবিতে আরও জোরালো কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এম জি