আন্তর্জাতিক ডেস্ক
জুন ২৮, ২০২৬, ০২:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সরকারি সফরে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার (২৭ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সফরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আব্বাস আরাগচি জানান, সফরকালে ইরাকের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, আলোচনায় দুই দেশের নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ও গুরুত্ব পাবে।
তবে বৈঠকের বিস্তারিত কর্মসূচি বা আলোচ্যসূচি এখনো প্রকাশ করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র: আল জাজিরা
এম জি