সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ৪, ২০২৬, ০১:০২ পিএম
কুড়িগ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় হাফিজুর রহমান ওরফে পচা (১৬) নামে এক কিশোরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মিজানুর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান ওরফে পচা কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে। সে অপরাধের সময় শিশু আইনের আওতাভুক্ত থাকায় ‘শিশু আইন, ২০১৩’ এর বিধান মোতাবেক এই রায় দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ এপ্রিল রৌমারী উপজেলার গয়টাপাড়া এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে কৌশলে বাড়ি থেকে ৩০০ গজ পশ্চিমে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাফিজুর। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় এক নারী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত হাফিজুর সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়।
পরে ভিকটিম শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রৌমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তৎকালীন রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
জেএইচআর