ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বিচ্ছেদের কারণ জানালেন ডা. সুষমা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৮, ২০২৬, ১০:৫৩ এএম

বিচ্ছেদের কারণ জানালেন ডা. সুষমা
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশের পরিচিত চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল। পারস্পরিক সম্মতিতে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়ে ডা. সুষমা রেজা বলেছেন, সময়ের সঙ্গে তারা দুজনই বদলেছেন, বদলেছে তাদের সম্পর্কও। সেই বাস্তবতা মেনে সম্মানজনকভাবে আলাদা হওয়ার পথই বেছে নিয়েছেন তারা।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন তিনি। সেখানে জানান, দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা, আত্মসমালোচনা এবং পারস্পরিক আলোচনার পর বৈবাহিক সম্পর্কের সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হওয়ার আগেই নিজেদের অবস্থান সবার সামনে তুলে ধরতে চেয়েছেন বলেও উল্লেখ করেন।

ডা. সুষমা রেজা লেখেন, প্রায় ২০ বছর আগে অল্প বয়সে তাদের সংসারজীবনের শুরু। দীর্ঘ এই সময়ে তারা একসঙ্গে পরিবার গড়ে তুলেছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের নানা সুখ-দুঃখ, সংগ্রাম ও সাফল্যের অংশীদার হয়েছেন। সেই স্মৃতিগুলো তাদের কাছে আজও মূল্যবান এবং সারাজীবন তেমনই থাকবে। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, সম্পর্ক আর আগের অবস্থানে নেই। তাই জীবনের এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই উভয়ের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত বলে মনে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ককে ঘিরে মানুষের আগ্রহের বিষয়টিও পোস্টে তুলে ধরেন তিনি। তার ভাষ্য, মানুষ যেসব ছবি বা মুহূর্ত দেখেছে, সেগুলো কোনো আদর্শ বা নিখুঁত সম্পর্কের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরার চেষ্টা ছিল না। বরং জীবনের বাস্তব ও আন্তরিক কিছু মুহূর্তই তারা সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

বিচ্ছেদ নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা, গুজব বা অনুমান থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন ডা. সুষমা। তিনি বলেন, অনেকের কাছে এটি হয়তো একটি আলোচিত খবর, কিন্তু তাদের পরিবারের জন্য এটি অত্যন্ত ব্যক্তিগত এবং আবেগপূর্ণ একটি অধ্যায়। বিশেষ করে সন্তান, বাবা-মা, ভাইবোন ও স্বজনদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে সংযত আচরণ করার অনুরোধ জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিনি ও তার সাবেক স্বামী কিছুটা সময় পেয়েছেন। কিন্তু পরিবারের অন্য সদস্যদের জন্য এটি এখনও নতুন এবং বেদনাদায়ক বাস্তবতা। তাই সবার কাছে সহমর্মিতা ও সংবেদনশীলতা প্রত্যাশা করেন তারা।

পোস্টের শেষ অংশে ডা. সুষমা রেজা বলেন, প্রায় ২০ বছরের এই সম্পর্কের সমাপ্তিকে তারা তিক্ততার নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও গ্রহণযোগ্যতার দৃষ্টিতেই দেখতে চান।

একই সঙ্গে তিনি জীবনের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধিও সবার সঙ্গে ভাগ করে নেন। তার ভাষায়, প্রিয় মানুষদের সময় দেওয়া, তাদের পাশে থাকা এবং প্রতিটি সাধারণ মুহূর্তকে মূল্য দেওয়া খুবই জরুরি। কারণ জীবনের অনেক সাধারণ, নীরব মুহূর্তই একসময় সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়। তাই সচেতনতা, কৃতজ্ঞতা ও আন্তরিকতার সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করার আহ্বান জানান তিনি।

এএন

Link copied!