আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৪, ২০২৬, ১২:৩৯ এএম
বঙ্গোপসাগরে ১২ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া সৈকত থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে সাত জেলেকে জীবিত উদ্ধার করেন।
নিহত জেলেরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ নাফিজ (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)। এই দুর্ঘটনায় পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১) নামে আরও এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক আহমেদ জানান, সাগরে ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক পদক্ষেপ শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ জেলেকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে।
জেএইচআর