এম এ মান্নান, চৌগাছা (যশোর)
জুলাই ২১, ২০২৬, ১২:১২ পিএম
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার চৌগাছা থানা পুলিশ জানায়, সোমবার রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার চাঁন্দা আফরা (পশ্চিমপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চৌগাছা থানার এসআই (নিঃ) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে আফরা (মাঝেরপাড়া) গ্রামের আরিফুল ইসলাম (২২)-কে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম উপজেলার আফরা (মাঝেরপাড়া) গ্রামের আব্দুল মতিনের ছেলে।
চৌগাছা থানা সূত্রে জানা গেছে, অভিযানের সময় চাঁন্দা আফরা (পশ্চিমপাড়া) গ্রামের নিমতলা-মতিন মোড়গামী পাকা সড়কে রাকিব হোসেনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এএন