নিজস্ব প্রতিবেদক
জুলাই ২১, ২০২৬, ০৪:২৯ পিএম
স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে নির্বাচনসংক্রান্ত আইন এবং আচরণবিধিতে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করতে মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
ইসি সূত্র জানিয়েছে, সভায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত বিভিন্ন আইনের সংশোধনী নিয়ে আলোচনা হচ্ছে। এসব সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে সরকারের কাছে সুপারিশ আকারে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধির সংশোধনীও অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত সংশোধনীর মধ্যে অন্যতম হলো জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখা। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদেরও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত করার বিধান যুক্ত করার প্রস্তাব বিবেচনায় রয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে আরও কিছু নতুন শর্ত সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঋণখেলাপিদের জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার বিধান যুক্ত করার বিষয়টিও রয়েছে।
নির্বাচন কমিশনের মতে, এসব পরিবর্তনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করার লক্ষ্যেই সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
এএন