মিরাজ আহমেদ, মাগুরা
জুলাই ২৪, ২০২৬, ০৭:৪১ পিএম
কঠোর পুলিশি নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে মাগুরায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মাগুরার উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিকেলে নতুনবাজার এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হয়। পরে শোভাযাত্রাটি ভায়না মোড়, ঢাকা রোড ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে পুনরায় নতুনবাজার এলাকায় এসে শেষ হয়। পুরো পথে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
শোভাযাত্রার অগ্রভাগে ছিল রথযাত্রার ব্যানার। এর পর ফুল, ফল ও বর্ণিল সাজে সজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা করা হয়। অংশগ্রহণকারীরা হরিনাম-সংকীর্তন, ভজন ও কীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করেন। এছাড়া রাধা-কৃষ্ণের সাজে সজ্জিত শিশু-কিশোর ও নারীদের অংশগ্রহণ শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ যোগ করে।
রথযাত্রা উপলক্ষে শহরের প্রধান সড়কগুলোতে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রা উপভোগ করেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রার পুরো রুটজুড়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন এবং যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেন। পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবের মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। রথযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতেও সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা জানান তারা।
এম জি