গাজীপুর প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬, ০৫:০০ পিএম
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বারির সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় দেশের কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কন্দাল ফসলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের টেকসই উন্নয়নে গবেষণা কার্যক্রম জোরদার, উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের (টিসিআরএসপি) প্রকল্প পরিচালক ও কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম।
এছাড়া বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত সিনিয়র বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তারা কর্মশালায় অংশ নিয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, কর্মশালাটি গাজীপুরের বারি’র কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের (টিসিআরএসপি) অর্থায়নে অনুষ্ঠিত হয়।
জেএইচআর