নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫, ০২:৩৯ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের প্রেক্ষাপটে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এ রোডম্যাপ প্রকাশ করেন।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নাকসু নির্বাচনের খসড়া সংবিধি প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুমোদনের জন্য পাঠানো হবে। ইউজিসির অনুমোদন এবং সরকার কর্তৃক গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
ঘোষিত রোডম্যাপ অনুসারে— গেজেট প্রকাশের ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে। তার পরের ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা তৈরি, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে তা চূড়ান্ত করা হবে। ভোটার তালিকা প্রকাশের ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পরবর্তী ১৬ কর্মদিবসের মধ্যে মনোনয়নপত্র বিতরণ, দাখিল, বাছাই এবং প্রার্থী তালিকা প্রকাশসহ সব কার্যক্রম সম্পন্ন হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারণার জন্য ১০ দিন সময় পাবেন প্রার্থীরা।
সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সম্ভাব্য ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব নিজেরাই বেছে নিতে পারবে। সরকারি গেজেট প্রকাশের পর রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম শুরু হবে। আমরা আশা করি শিক্ষার্থীরাও ধৈর্য ধরবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত।”
এই ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ফিরে আসার প্রত্যাশা তাদের মধ্যে আরও দৃঢ় হয়েছে।
ইএইচ