জবি প্রতিনিধি
মে ১৩, ২০২৬, ০৭:২৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে নারায়ণগঞ্জ, মিরপুর ও আব্দুল্লাহপুরসহ মোট চারটি গুরুত্বপূর্ণ রুটে নতুন বিআরটিসি বাস যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ড্রাইভার সংকটের কারণে আমরা এতদিন পর্যাপ্ত বাস সেবা দিতে পারিনি। বর্তমান উপাচার্য অধ্যাপক রইস উদ্দীন স্যারের আন্তরিক সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির প্রেক্ষিতে এই চারটি নতুন বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট রুটগুলোতে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে এবং বাসের ওপর অতিরিক্ত চাপ কমবে।
এ বিষয়ে ছাত্রদল সমর্থিত জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় পরিবহন সংকট আরও তীব্র হয়েছে। আমি উপাচার্য ও পরিবহন প্রশাসক স্যারের কাছে আটটি নতুন বাসের দাবি জানিয়েছিলাম। বর্তমানে চারটি বিআরটিসি বাসের ব্যবস্থা হয়েছে। আশা করছি পর্যায়ক্রমে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি আরও জানান, নতুন বাস চালুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অচল ও নষ্ট বাসগুলো মেরামতের কাজও দ্রুত গতিতে চলছে। সেগুলো চলাচলের উপযোগী হলে পরিবহন সংকট অনেকটাই কেটে যাবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই নতুন বাসগুলো ক্লাস ও পরীক্ষাকেন্দ্রিক যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমিয়ে দেবে। দ্রুত এই বাসগুলো রুটে নামানোর দাবি জানিয়েছেন তারা।
জেএইচআর