আমার সংবাদ ডেস্ক
মে ১৩, ২০২৬, ০৯:২১ পিএম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে এগিয়ে আনার সরকারি পরিকল্পনার বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার অনুষ্ঠিত এই সভায় অধিকাংশ অংশীজন ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন। বিশেষ করে পরীক্ষার্থীরা হঠাৎ করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনার প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে।
বৈঠকে উপস্থিত শিক্ষক ও বিশেষজ্ঞরা জানান, হঠাৎ করে সময় কমিয়ে আনলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি হবে। এর পরিবর্তে তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে আয়োজনের প্রস্তাব দেন। তাদের মতে, এক বছরেই চার মাস সময় না কমিয়ে প্রতি বছর এক মাস করে এগিয়ে আনলে শিক্ষার্থীরা সহজে খাপ খাইয়ে নিতে পারবে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী সভায় জানান, আগামী বছর ফেব্রুয়ারির শুরুতেই রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করা গেলে রোজার আগেই তা শেষ করা সম্ভব হবে। অন্যদিকে, রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম এইচএসসি পরীক্ষা মার্চ বা এপ্রিলে নেওয়ার পক্ষে মত দেন।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আলোচনা করে পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে মতামত নেওয়া হয়েছে। ২০২৭ সালেই ডিসেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব কি না, নাকি ২০২৮ সাল পর্যন্ত সময় নিয়ে ধীরে ধীরে সমন্বয় করা হবে, তা বিবেচনাধীন রয়েছে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে। সভায় দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরেন।
জেএইচআর