আমার সংবাদ ডেস্ক
জুন ১, ২০২৬, ০৮:০৪ পিএম
ইতালিতে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।
সোমবার দেশটির ভিসা আবেদন প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পোর্টালে নিয়মিতভাবে নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ইমেইলে যোগাযোগ করবে ভিএফএস গ্লোবাল। ওই যোগাযোগের মাধ্যমেই স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানিয়ে দেওয়া হবে। ফলে শিক্ষার্থীদের আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে হবে না।
ভিএফএস জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় যে ইমেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেই ঠিকানাতেই পরবর্তী যোগাযোগ করা হবে। তাই আবেদনকারীদের নিয়মিত ইমেইল পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্পন্সর সংক্রান্ত নিয়মেও আনা হয়েছে পরিবর্তন। আগে মূলত বাবা-মায়ের আর্থিক সহায়তাকে গুরুত্ব দেওয়া হলেও এখন পরিবারের আরও কয়েকজন সদস্য স্পন্সর হিসেবে গ্রহণযোগ্য হবেন। নতুন তালিকায় রয়েছেন দাদা-দাদি, নানা-নানি, চাচা, ফুপু, মামা, খালা এবং কাজিন। এছাড়া ইতালিতে বসবাসরত আত্মীয়রাও শিক্ষার্থীদের আর্থিক গ্যারান্টর হতে পারবেন।
ভাষাগত যোগ্যতার ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে দূতাবাস। আবেদনকারীদের জন্য ভাষা দক্ষতার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে কেবল আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সনদ গ্রহণ করা হবে। সনদে শ্রবণ, পঠন, কথোপকথন এবং লেখন দক্ষতার মূল্যায়ন স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
এদিকে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সত্যতা যাচাইয়ের জন্য আবেদনপত্রের সঙ্গে সিআইএমইএ অথবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির ভিত্তিতে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ অক্টোবর।
এম জি