নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:৫৯ পিএম
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম করতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তির কোটা বাড়িয়েছে সৌদি আরব।
বুধবার সৌদি দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বর্ধিত এই কোটা আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ আগ্রহ ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকল্পে সৌদি আরবের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই অতিরিক্ত বৃত্তির সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশি শিক্ষার্থীরা সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগ পেলেও এবার কোটা বৃদ্ধির ফলে আরও বেশিসংখ্যক শিক্ষার্থী স্কলারশিপের আওতায় আসার সুযোগ পাবেন।
আগ্রহী শিক্ষার্থীদের সৌদি সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্ম ‘Study in Saudi’ (studyinsaudi.moe.gov.sa) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে ভাষা নির্বাচনের পর প্রয়োজনীয় সব তথ্য ও নথিপত্র আপলোড করে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি দূতাবাস এই বৃত্তির তথ্য ও আবেদনের নিয়মাবলি সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। প্রতি বছর বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য সৌদি সরকার এ ধরনের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে, যেখানে টিউশন ফি মওকুফসহ অন্যান্য সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকে।
ইএইচ