নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৫, ০৮:০১ পিএম
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে সারাদেশে অনুভূত ভূমিকম্পের ফলে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) অন্তত ৯০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৮ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের বেশির ভাগই হাত-পা ভাঙা, কোমর বা কাঁধের চোটসহ বিভিন্ন অস্থি–সংক্রান্ত আঘাতে ভুগছেন।
ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয় এবং এর মাত্রা রিখটার স্কেলে ৫.৭। নরসিংদীর ঘোড়াশাল এলাকাকে উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা গেছে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে, মাথা ঘুরে পড়ে বা ভারী বস্তু চাপা পড়ে আহত হয়েছেন অনেকে। রাজধানী ও আশেপাশের জেলা থেকে এই হাসপাতালে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ২০৮ জন চিকিৎসা নিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পুরান ঢাকার বংশাল এলাকার তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু এবং নরসিংদীর পলাশের মালিতা গ্রামের এক বৃদ্ধ।
পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লক্ষ্মী রানী দাস জানিয়েছেন, বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৮৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অধিকাংশ রোগী হাত–পা ফ্র্যাকচার, কোমর বা কাঁধের চোটসহ বিভিন্ন অস্থি–সংক্রান্ত আঘাতে ভুগছেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান জানান, গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে, এবং তুলনামূলকভাবে হালকা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে।
ইএইচ