ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ চেয়ে শিশির মনিরের চিঠি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৫:০২ পিএম

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ চেয়ে শিশির মনিরের চিঠি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়িয়ে বিচারাধীন মামলার জট দ্রুত কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বুধবার (২২ জুলাই) পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয় মাত্র চারজন বিচারপতিকে নিয়ে। সে সময় দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল প্রায় ৪ হাজার এবং জনসংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৪৩ লাখ। বর্তমানে দেশের জনসংখ্যা বেড়ে প্রায় ১৭ কোটি ৮১ লাখে পৌঁছেছে। একই সঙ্গে বিচারাধীন মামলার সংখ্যাও বৃদ্ধি পেয়ে প্রায় ৩৮ লাখ ১৭ হাজারে দাঁড়িয়েছে। তবে আপিল বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা রয়েছে মাত্র আটজন।

চিঠিতে বিভিন্ন সময়ের বিচারপতি ও বিচারাধীন মামলার পরিসংখ্যানও তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০০৯ সালে আপিল বিভাগে ১১ জন বিচারপতির বিপরীতে বিচারাধীন মামলা ছিল ৫ হাজার ২৬৩টি। ২০১১ সালে বিচারপতির সংখ্যা ১০ জন থাকলেও মামলার সংখ্যা বেড়ে হয় ১২ হাজার ৮৯১। ২০১৭ সালে বিচারপতির সংখ্যা কমে ৯ জনে নেমে এলে বিচারাধীন মামলা দাঁড়ায় ১৬ হাজার ৫৭৮টি। ২০২২ সালে একই সংখ্যক বিচারপতির বিপরীতে বিচারাধীন মামলা বেড়ে হয় ১৯ হাজার ৯২৮টি। আর ২০২৪ সালে বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩১ হাজার ১২০টিতে পৌঁছালেও বিচারপতির সংখ্যা ছিল আটজন।

চিঠিতে আরও বলা হয়, সময়ের সঙ্গে আইনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত বিচারব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সীমিত থাকায় বিশেষায়িত বেঞ্চ গঠন করা যাচ্ছে না। এর ফলে গুরুত্বপূর্ণ অনেক মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

এ প্রসঙ্গে ভারতের উদাহরণও তুলে ধরা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দেশটির কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ১৬ মে সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ জন করার লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে।

চিঠির শেষাংশে বলা হয়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে এবং বিচারাধীন মামলার জট কমাতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপও কামনা করা হয়েছে।

এম জি

Link copied!