আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৬, ২০২৬, ০১:৫৬ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। হামলার পরিকল্পনা, অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনার দিনই র্যাব অভিযান চালিয়ে সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে।
পরবর্তী সময়ে সাহেদা পারভীন, ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে সাহেদা পারভীনের জামিন আবেদন শুনানি শেষে হাইকোর্ট তা খারিজ করে দেন।
এম জি