নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:৩১ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সারাদেশ থেকে আসা সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং সেখানে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি কেন্দ্রীয় কার্যপরিষদের সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন। বর্তমানে এই মনোনয়ন প্রক্রিয়াটি চলমান রয়েছে।
আজকের এই সম্মেলনে সারাদেশের হাজার হাজার সদস্যের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নেতৃত্বের পালাবদল সম্পন্ন হয়। নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ২০২৬ সেশনে সংগঠনের সামগ্রিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
ইএইচ