আমার সংবাদ ডেস্ক
জুন ১৯, ২০২৬, ০৮:৩৯ পিএম
জামায়াতে ইসলামী টাকার বিনিময়ে ভোট কিনেছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি দাবি করেন, আর্থিকভাবে শক্তিশালী হওয়ায় দলটি বিভিন্ন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর রায়েরবাজারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল, তারা কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না। জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, বিভিন্ন কারচুপি ও টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে।
বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিএনপিকে পতনের ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের আগে বিএনপির রাজনৈতিক সংগ্রামের ইতিহাস জানা উচিত।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। জনগণের আস্থা অর্জন করেই দলটি অতীতে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে বলেও তিনি দাবি করেন।
আবদুস সালাম বলেন, কার কত ভোট এবং কতটা জনপ্রিয়তা রয়েছে, তা আগামী স্থানীয় সরকার নির্বাচনে স্পষ্ট হয়ে যাবে। জনগণই নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে।
এম জি