মাগুরা প্রতিনিধি
জুন ১৪, ২০২৬, ০৮:৩৯ পিএম
মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের জেরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এনামুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
রোববার কৃষকদল মাগুরা জেলা শাখার দপ্তর সম্পাদক মো. চঞ্চল হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এনামুল হককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, তিনি সাংগঠনিক নিয়মনীতি ভঙ্গ করে যৌক্তিক প্রমাণ ও সুনির্দিষ্ট তথ্য ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। একই সঙ্গে তাঁকে জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরার কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মো. এনামুল হক লিখেন, মাগুরা প্রেস ক্লাব কার্যত ভিক্ষুক ক্লাবে পরিণত হয়েছে। মন্ত্রী, এমপি অথবা কোনো ব্যবসায়ী এলে মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি ভিক্ষুকের মতো হাত পেতে বসেন। তাদের হাত পাতা দিন দিন অভ্যাসে পরিণত হয়েছে। অথচ প্রেসক্লাব মাগুরা শহরের সবচেয়ে কেন্দ্রীয় পয়েন্টে অবস্থিত। তাদের বরাদ্দকৃত বিভিন্ন দোকান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া আসে। এই টাকাগুলো কোথায় যায় বা কী করা হয় তার কোনো হিসাব নেই। প্রতিটা সরকারের আমলে সবচেয়ে সুবিধাভোগী প্রতিষ্ঠান হচ্ছে মাগুরা প্রেসক্লাব। দালালিই যাদের একমাত্র পেশা।
ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এনামুল হকের উত্থাপিত অভিযোগের বিষয়ে মাগুরা প্রেসক্লাবের সভাপতি বা সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে কৃষকদল নেতার বিরুদ্ধে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ জারির ঘটনাও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জেএইচআর