স্পোর্টস ডেস্ক
জুন ১, ২০২৬, ১১:০২ পিএম
গণভোটে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার মুখে ২০৩৬, ২০৪০ ও ২০৪৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে জার্মানির শহর হামবুর্গ। জার্মান অলিম্পিক ফেডারেশনের কাছে অলিম্পিক আয়োজনের জন্য বিবেচিত চারটি সম্ভাব্য শহর ও অঞ্চলের একটি ছিল হামবুর্গ।
রোববার অনুষ্ঠিত গণভোটে প্রায় ৯৮ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ৫৫ শতাংশ ভোটার অলিম্পিক আয়োজনের প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন। বিপরীতে সমর্থন জানিয়েছেন ৪৫ শতাংশ ভোটার। এ ভোটে প্রায় অর্ধেক যোগ্য ভোটার অংশ নেন।
এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন হামবুর্গের নাগরিকরা অলিম্পিক আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এর আগে ২০১৫ সালে ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের পরিকল্পনার বিরুদ্ধেও ভোট দিয়েছিলেন শহরটির বাসিন্দারা।
ফলাফল প্রকাশের পর হামবুর্গের মেয়র পিটার চেঞ্চার জানান, অলিম্পিক আয়োজনের আবেদন প্রত্যাহারের বিষয়টি ইতোমধ্যে জার্মান অলিম্পিক ফেডারেশন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, অলিম্পিক আয়োজনের প্রত্যাশায় থাকা অনেক নাগরিক এই ফলাফলে হতাশ হয়েছেন। তবে যারা এ উদ্যোগকে সমর্থন করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে আগামী সেপ্টেম্বরে জার্মান অলিম্পিক ফেডারেশন সম্ভাব্য আয়োজক হিসেবে বার্লিন, মিউনিখ ও রাইন-রুর অঞ্চলের মধ্য থেকে একটি প্রস্তাব আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে পাঠাবে।
এর আগে মিউনিখে অনুষ্ঠিত গণভোটে ৬৬ দশমিক ৪ শতাংশ ভোটার অলিম্পিক আয়োজনের পক্ষে মত দেন। একইভাবে রাইন-রুর অঞ্চলেও প্রায় ৬৬ শতাংশ ভোটার এ উদ্যোগকে সমর্থন করেন। কিয়েল শহরেও অধিকাংশ ভোটার অলিম্পিকের অংশ হিসেবে পালতোলা নৌকার প্রতিযোগিতা আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
এম জি