স্পোর্টস ডেস্ক
জুন ৫, ২০২৬, ০৪:৩৪ পিএম
প্লাস্টিকের তৈরি দীর্ঘ বাঁশি ভুভুজেলা ২০১০ সালের বিশ্বকাপে ব্যাপক আলোচনায় আসে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে গ্যালারিতে এই বাঁশির তীব্র শব্দে দর্শক ও খেলোয়াড়রা ব্যাপক বিরক্তির মুখে পড়েছিলেন। তবে আসন্ন বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজানোর সুযোগ থাকছে না।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপের সব ভেন্যুতে ভুভুজেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত স্টেডিয়ামের আচরণবিধিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
নতুন আচরণবিধিতে ফিফা কড়া অবস্থান নিয়েছে। এতে বলা হয়েছে, শুধু ভুভুজেলা নয়, এয়ার হর্নসহ অতিরিক্ত শব্দ সৃষ্টি করতে পারে এমন যেকোনো যন্ত্র স্টেডিয়ামে নিয়ে যাওয়া যাবে না। পাশাপাশি লেজার রশ্মি ছড়ায় এমন লেজার পয়েন্টারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া দর্শকদের পোশাক ও আচরণ নিয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন বা অশালীন আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
নিরাপত্তার কারণে স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়েও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ফিফার আচরণবিধিতে আরও বলা হয়েছে, এসব নিয়ম ভঙ্গ করলে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না অথবা প্রয়োজনে তাদের বের করে দেওয়া হতে পারে।
এম জি