স্পোর্টস ডেস্ক
জুলাই ২৬, ২০২৬, ০৮:৪৬ এএম
বিশ্বকাপ শেষে মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে মাঠে ফিরেই পায়ের জাদুতে সেই সমালোচনার জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলিয়ান সিরি'আয় শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে জোড়া গোল করেন নেইমার। শুধু গোলই নয়, প্রথম গোলের পর পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করে সমালোচকদের উদ্দেশেও বার্তা দেন তিনি।
অবনমন অঞ্চলে থাকা সান্তোসের জন্য ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিখুঁত শটে জালের দেখা পান নেইমার। এরপর দুই গোল হজম করে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে তার দল।
ম্যাচের শেষ দিকে আবারও নায়ক হয়ে ওঠেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করে সান্তোসকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন তিনি।
বিশ্বকাপ চলাকালে চোট ও ফিটনেস সমস্যার কারণে নেইমারকে দলের সঙ্গে পাঠানো হয়নি। সে সময় তিনি ব্রাজিলেই ছিলেন। কিন্তু সান্তোস কোপা সুদামেরিকানার ম্যাচ খেললেও তিনি অংশ নেন একটি পোকার টুর্নামেন্টে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন।
সমালোচনার জবাবে এর আগে অনুশীলন মাঠ থেকে প্রকাশিত এক ভিডিওতে নেইমার বলেছিলেন, তিনি নিয়মিত অনুশীলন করছেন এবং ম্যাচে না খেলার কারণ ছিল ফিটনেস পরিকল্পনা। সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গ করে তিনি বলেন, "আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা শুধু সমালোচনাই করবে? নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকো।"
তবে শেষ পর্যন্ত কথার চেয়ে মাঠের পারফরম্যান্সেই জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। জোড়া গোলের সঙ্গে পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করে যেন বুঝিয়ে দিলেন- সমালোচনার উত্তর তিনি দিতে চান নিজের খেলাতেই।
এএন