স্পোর্টস ডেস্ক
জুলাই ২৫, ২০২৬, ১১:০৯ এএম
বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার দিয়াস, যিনি ‘ভোজিনিয়া’ নামে বেশি পরিচিত, অবশেষে নতুন ক্লাব পেয়েছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কোলো কোলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। বিশ্বকাপ চলাকালীন কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তি না থাকলেও দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার অন্যতম বড় ক্লাবেই জায়গা করে নিলেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভোজিনিয়াকে স্বাগত জানায় কোলো কোলো। ক্লাবটির বার্তায় বলা হয়, ‘স্বাগতম! আমরা তোমার অপেক্ষায় আছি।’ ঘোষণার পরপরই চিলির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিশেষ করে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া চিলির সমর্থকদের মধ্যে এই অভিজ্ঞ গোলরক্ষকের আগমন নতুন আশার সঞ্চার করেছে।
কোলো কোলো পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ব্লাঙ্কো ই নেগ্রো’র সভাপতি অ্যানিবাল মোসা জানিয়েছেন, ভোজিনিয়া খুব শিগগিরই চিলিতে পৌঁছাবেন। সেখানে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার সঙ্গে ক্লাবটির ১৮ মাসের চুক্তি হয়েছে।
বিশ্বকাপে ভোজিনিয়া ছিলেন কেপ ভার্দের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি বিশ্ব ফুটবলপ্রেমীদের নজর কাড়েন। তার অসাধারণ গোলরক্ষণে ভর করেই কেপ ভার্দে টুর্নামেন্টে চমক দেখায় এবং রাউন্ড অব ৩২ পর্যন্ত পৌঁছে যায়। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় দলটিকে।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশ্বকাপ ভোজিনিয়ার জনপ্রিয়তায় বড় পরিবর্তন এনে দেয়। আসর শুরুর আগে বিভিন্ন প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা ৫০ হাজারেরও কম ছিল। কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছেছে, যা তাকে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে।
এএন