বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২২, ০১:০৭ এএম
ফার্মাসিস্ট চিন্ময় সাহা সৌরভের সঙ্গে গেলো ১২ আগস্ট আশীর্বাদ সম্পন্ন হয়েছে এ সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সুস্মিতা সাহার। আবার আশীর্বাদের ঠিক এক মাস পরপরই অর্থাৎ গেলো ১২ সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। জন্মদিন কেমন কাটল— এ প্রসঙ্গে সুস্মিতা সাহা বলেন, ‘বেশ ভালো কেটেছে, যেমনটা সবার কাটে।
অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, ফেসবুকে, সেলফোনে। জন্মদিনের শুরুর প্রহর থেকে শেষ পর্যন্ত সবার শুভেচ্ছা, ভালোবাসায় আমি আবেগাপ্লুত ছিলাম। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আগামী দিনগুলো ভালো কাটে।’ সুস্মিতা জানান, আপাতত স্টেজ শো নেই। তবে টিভি শো নিয়ে ব্যস্ত আছেন তিনি।
এদিকে আগামী ২১ সেপ্টেম্বর বিটিভিতে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানে গান গাইবেন সুস্মিতা সাহা। মূলত গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার লেখা গানগুলোই এ অনুষ্ঠানে গাওয়া হবে। সুস্মিতা সাহা নিয়মিত টিভিতে উপস্থাপনাও করছেন।
প্রতি বৃহস্পতিবার বিটিভির সুপ্রভাত বাংলাদেশ-এর অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। সুস্মিতা সাহার সঙ্গে কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল সংগীতশিল্পী চম্পা বণিক ও অনন্যা আচার্য্যের। রূপা চক্রবর্ত্তীর আয়োজনে একটি আবৃত্তি অনুষ্ঠানে তারা তিনজনই সংগীত পরিবেশন করেছিলেন। গত রোববার তিনি ঢাকা ব্যাংকের আয়োজনে চম্পা বণিক একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
এছাড়াও গত ৮ সেপ্টেম্বর গাজী মাজহারুল আনোয়ারের শ্রদ্ধায় সংগীত পরিবেশন করেন চম্পা আরটিভিতে। চম্পা বলেন, ‘শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু গান গাইবার সুযোগ করে দিয়েছিল আরটিভি। সে সাথে অনুষ্ঠানে উপল ভাই এবং দিঠি আপুর উপস্থিতিও ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় সৌন্দর্য। সত্যি বলতে স্যারের এই চলে যাওয়ায় আমাদের সংগীতাঙ্গনে অনেক বড় শূন্যতার সৃষ্টি হয়েছে।’
এদিকে দুদিন আগেই এনটিভির মিউজিক্যাল লাইভ অনুষ্ঠানে অনন্যা আচার্য্য সংগীত পরিবেশন করেছেন। অরুণ চৌধুরীর পরিচালনায় ‘মায়াবতী’ সিনেমায় অনন্যা আচার্য্যর প্রথম প্লে-ব্যাক করা। এরই মধ্যে তিনি ‘টুঙ্গীপাড়ার দুঃসাহসী খোকা’য় প্লে-ব্যাক করেছেন।
অনন্যা বলেন, ‘সব মিলিয়ে এ মুহূর্তে কাজ নিয়ে আমি সন্তুষ্ট। বেশকিছু মৌলিক গান করেছি। সে সাথে সিনেমাতেও প্লে-ব্যাক করেছি। এগুলো প্রকাশ পেলে শ্রোতারা ভালো কিছু গান শুনতে পাবেন।’
আর এরইমধ্যে আমরা শ্রদ্ধেয় গাজী স্যারকে হারিয়েছি। তার এই চলে যাওয়াটা আমাদের জন্য সত্যিই ভীষণ ক্ষতির হলো। এই শুণ্যতা পূরণের নয়।’