বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২২, ০২:১০ এএম
চিত্রনায়িকা রত্না অভিনয়ে আবারও নিয়মিত হবার চেষ্টা করছেন। যে কারণে এ সময়ে এসে তিনি নতুন একটি সিনেমায় ও নতুন একটি নাটকেও অভিনয় করেছেন। এরই মধ্যে তিনি মোছাদ্দেক ফাল্গুন পরিচালিত ‘কিশোর গ্যাংস্টার’ নামক একটি সিনেমায় অভিনয় করেছেন।
রত্না জানান, তিনি এ সিনেমার পুরো কাজ শেষ করেছেন। সিনেমার গল্প এবং সিনেমাতে তার চরিত্র সবকিছু ভালো লেগেছে বিধায় তিনি কাজটি করেছেন। আবার এরই মধ্যে তিনি ‘সিনেমার পাগল’ নামক একটি নাটকেও অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন রাসেল মিয়া।
রত্না জানান, গত বৃহস্পতিবার তিনি এই নাটকের কাজ শেষ করেছেন। ‘সিনেমার পাগল’ নাটকের গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন।
রত্না বলেন, ‘মাঝে বেশ কিছুদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও এখন চেষ্টা করছি নিয়মিত হবার। ব্যক্তিজীবন নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম। সংসারজীবন নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি এখন আমি নিয়মিত অভিনয়টা করে যেতে চাই।
কারণ, অভিনটা ভীষণ টানে আমাকে। তাই ভালো গল্প, ভালো চরিত্র পেলে নিয়মিত অভিনয় করে যেতে চাই। আর এখন তো সিনেমা নির্মাণের ধরন বদলেছে। গল্পের প্রতি ভীষণ জোর দেয়া হচ্ছে। সে ধরনের গল্পেও আমি কাজ করতে চাই। একজন শিল্পী হিসেবে অভিনয় ক্ষুধাটা আছে। যে কারণে নিজের মনের মতো চরিত্রে অভিনয়ের অপেক্ষায় আমি।
আমার বিশ্বাস, মনের মতো গল্পে একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পারব আগামীতে। না হলে শিল্পী হিসেবে আমার মনের ক্ষুধা বা অতৃপ্তিটা রয়ে যাবে। গ্যাংস্টার সিনেমার গল্প আমার কাছে ভালো লেগেছে।
আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’ গেলো এপ্রিলে রত্না এসএম রুবেল রানার পরিচালনায় ‘নায়িকার মা এখন নায়িকা’ নামক একটি নাটকে অভিনয় করেছিলেন। এতে রত্নার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রলেখা গুহ।
চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে ‘কেন ভালোবাসলাম’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে রত্নার অভিষেক হয়। পরবর্তীতে ‘মরণ নিয়ে খেলা’, ‘ইতিহাস’,‘ পড়েনা চোখের পলক’,‘ ‘তুমি শুধু আমার’, ‘তুমি কী সেই’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হূদয় সেখানে’,‘ অংক’সহ আরো বেশকিছু সিনেমাতে অভিনয় করেন।
রত্না প্রথম আইয়ূব বাচ্চুর একটি গানে মডেল হিসেবে কাজ করেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘অরুণ বরুণ কিরণ মালা’, ‘পরাণ পাখি’, ‘নষ্ট মুন্না’, ‘কঠিন লড়াই’ সিনেমা।