আমার সংবাদ ডেস্ক
জুলাই ২২, ২০২৬, ১২:২৫ পিএম
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের একটি বাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন বুলেট স্থানীয় বাসিন্দা এবং মৃত শাহাদত হোসেনের ছেলে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাগর হোসেন বুলেটকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও উল্লেখ করেন, নিহতের মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেএইচআর