আমার সংবাদ ডেস্ক
জুলাই ২২, ২০২৬, ০১:৫৪ পিএম
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বুধবার সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এই প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানির খরচসহ তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজের খরচ রাখা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
হাবের পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত তিনটি প্যাকেজের মধ্যে ‘বিশেষ প্যাকেজ’ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, ‘সাধারণ প্যাকেজ’ ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং ‘সাশ্রয়ী প্যাকেজ’ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের তুলনায় এবার প্রতিটি প্যাকেজেই খরচ কিছুটা বেড়েছে। গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সেই হিসাবে এবার সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা, সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে ২৭ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজে ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা।
এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ পালনের জন্য ২টি প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
জেএইচআর