আমার সংবাদ ডেস্ক
জুলাই ২২, ২০২৬, ১২:১১ পিএম
স্ত্রী ও শাশুড়ির অপমান-অপদস্থ সহ্য করতে না পেরে রাজধানীর ডেমরায় ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে মো. সাইদুল ইসলাম (১৯) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় গত সোমবার দিবাগত রাতে সাইদুলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচ সদস্যের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. ছাদেক (৫৭)। তবে আসামিদের কেউই এখনো গ্রেপ্তার হয়নি বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত সাইদুল ইসলামের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে। তিনি পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ‘সি’ কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বাদী মো. ছাদেক জানান, তিনি ভ্যানগাড়িতে বেকারির পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অনেক কষ্ট করে উপার্জন ও ঋণের টাকা দিয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর ছেলের আয়ে ঋণ পরিশোধের পাশাপাশি সংসারে স্বচ্ছলতা ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা ছিল তাঁদের।
তিনি আরও জানান, চলতি বছরের ৪ মে রুবাইয়ার সঙ্গে সাইদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে রুবাইয়া ও তাঁর মা সাইদুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ গরিব ও ছোটলোক বলে নানাভাবে অপমান-অপদস্থ করতে থাকেন। এই অপমান সহ্য করতে না পেরে গত ১৬ জুলাই রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সাইদুল আত্মহত্যা করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ২০ তলা ভবনের নবম তলার একটি কক্ষে সাইদুল ইসলাম সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য স্পষ্ট হবে। এর আগে এই ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছিল।
এই বিষয়ে পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ইনচার্জ (ডিসি) কাজী নুসরাত লুনা জানান, বেশ কিছুদিন ধরে সাইদুলের সঙ্গে তাঁর স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এছাড়া ফেসবুক পোস্টে সাইদুল আবেগঘন কিছু বিষয় উল্লেখ করতে গিয়ে তাঁর পারিবারিক বিভিন্ন তথ্য প্রকাশ করে গেছেন।
জেএইচআর