আমার সংবাদ ডেস্ক
জুলাই ২২, ২০২৬, ১২:৩৩ এএম
রাজধানীর সবুজবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ইব্রাহিম পলাশ (৩২) নামের এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় নিহতের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়।
মৃত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর থানার সোনাপুর গ্রামের আবুল বাসারের ছেলে। তিনি বর্তমানে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন।
নিহতের বন্ধু মো. হিরা জানান, রাতে পলাশ একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পলাশের উভয় হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং বুকে দুটি গুরুতর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ হিসেবে হিরা উল্লেখ করেন, দিন চারেক আগে এলাকার একটি গ্যারেজ থেকে একটি রিকশা চুরি করেন সবুজ নামের এক যুবক। পলাশ সেই রিকশাটি উদ্ধার করতে গেলে সবুজের সঙ্গে তাঁর তীব্র তর্কবিতর্ক হয়। ওই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
জেএইচআর