মিজানুর রহমান মিজান, লালমনিরহাট
জুলাই ২২, ২০২৬, ১২:৫২ পিএম
বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ৪৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। একক কোনো বেসরকারি বিদ্যালয় হিসেবে জেলার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জনের এই সাফল্য স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মঙ্গলবার প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা যায়। ফলাফল প্রকাশের পর বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবির জানায়, এই অর্জনের পেছনে শিক্ষক, বাবা-মা এবং বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা রয়েছে। ভবিষ্যতেও আরও ভালো ফল করে সে দেশ ও জাতির জন্য কাজ করতে চায়।
আরেক ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাফিন আহমেদ কাব্যের মা বলেন, সন্তানের প্রথম শ্রেণি থেকেই এই স্কুলে পড়ার সুবাদে শিক্ষকদের আন্তরিক যত্ন, নিয়মিত পাঠদান ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশের কারণেই আজ এই সাফল্য এসেছে। এই অর্জনে তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার সমন্বয়েই এই অসাধারণ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এই অর্জন পুরো বিদ্যালয় পরিবারের। শুরু থেকেই মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়ার ফলে এই ফল এসেছে। এই সাফল্য তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলাম বলেন, এত সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জন অত্যন্ত গর্বের। এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও দক্ষ শিক্ষক থাকলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অনন্য সাফল্য অর্জন সম্ভব।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ফারুক বলেন, শিবরাম আদর্শ পাবলিক স্কুলের এই ফলাফল নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি পুরো জেলার জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি একই ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফল করবে।
জেএইচআর