সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুন ২৭, ২০২৫, ০৮:৩৫ পিএম
কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের পুরাতন পোস্ট অফিসপাড়া এলাকা থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী।
রথযাত্রায় অংশ নেওয়া রীতা রাণী, শম্পা সাহা, সুজন মোহন্ত ও বাবলু ভূষণ রায় জানান, “অন্যান্য বছরের তুলনায় এবার রথযাত্রা আরও নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পেরেছি। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমাদের মধ্যে আস্থা ও স্বস্তি দিয়েছে।”
বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বিজয়ী বাইশ ইউনিট কুড়িগ্রাম জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে। ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসব চলাকালীন সেনাবাহিনী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব রথযাত্রা সুষ্ঠুভাবে উদযাপনে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।”
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয়। প্রশাসনের নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থার কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
ইএইচ