এমরান হোসেন রাজন, চাঁদপুর
জুলাই ২১, ২০২৬, ০৯:২৫ পিএম
চাঁদপুরে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে একটি কনফেকশনারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের জোড়পুকুরপাড় এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক জানান, অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ‘ঢাকা কনফেকশনারি’র মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির শোরুমের পেছনের ফ্রিজে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল সংরক্ষণ করে রাখা হয়েছিল। এছাড়া বেশ কিছু খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের কোনো উল্লেখ ছিল না।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল। জনস্বার্থে এই ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা।
জেএইচআর