সফিক ইসলাম, পাবনা
আগস্ট ২২, ২০২৫, ০৭:২৩ পিএম
পাবনায় আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও কুখ্যাত সন্ত্রাসী মো. নাদের বিশ্বাস (৫৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ ২০ বছর পলাতক থাকা নাদের বিশ্বাস স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করতেন।
নাদের বিশ্বাস পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজয় রামপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতা হিসেবে এলাকায় দীর্ঘদিন ত্রাস সৃষ্টি করতেন এবং স্থানীয় রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন।
শুক্রবার দুপুরে পুলিশের গোয়েন্দা বাহিনীর একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।
পাবনা জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবির অভিজ্ঞ অফিসার বেনু রায় পিপিএমের নেতৃত্বে দলটি বৃহস্পতিবার গভীর রাত থেকে নজরদারী রাখে এবং শুক্রবার দুপুরে নাদের বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়।
মামলার তদন্ত সংক্রান্ত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলা চালায়, যাতে একজন ছাত্রনেতা নিহত হন। ওই ঘটনার পর হত্যাকাণ্ডের মামলা দায়ের হয় এবং নাদের বিশ্বাসকে এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এলাকাবাসী জানান, নাদের বিশ্বাস সর্বহারা সংগঠন ও স্থানীয় সন্ত্রাসীদের সহযোগিতায় এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার গ্রেপ্তারের খবরের পর সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
ডিবি অফিসার বেনু রায় পিপিএম জানিয়েছেন, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের পাশাপাশি আরও একাধিক সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
ইএইচ