শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৮ পিএম
চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে নিহত রিগান আক্তার মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় বাসিন্দাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা মো. কবির হোসেন, চাচাতো ভাই মো. গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মো. আব্দুল হক, বাত্তলা গ্রামের মো. ফরহাদ, মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও দুই ব্যক্তি জড়িত থাকতে পারেন। ঘটনার রাতে স্থানীয় লোকজন তাদের এলাকা ছেড়ে চলে যেতে দেখেছেন বলেও দাবি করেন তারা। এ বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার জামিনের জন্য নিহতের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তৎপরতা চালাচ্ছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মামলার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এম জি